যাত্রাবাড়ীতে চাঁদা না দেওয়ায় লেগুনা চালককে পিটিয়ে হত্যা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী-চট্টগ্রাম সড়কে লেগুনা স্ট্যান্ডের আধিপত্য ও চাঁদাবাজি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ী মাছের আড়ত সংলগ্ন সুফিয়া গার্মেন্টের পাশে খায়রুল নামের এক চালককে বেদম মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী-চট্টগ্রাম সড়কে চলাচলকারী প্রতিটি লেগুনা থেকে বিভিন্ন সংস্থার নামে মাসিক নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করা হয়। এ চাঁদাবাজির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্ট্যান্ড এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত খায়রুলের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা কান্দি গ্রামে। তিনি রাজধানীর মাতুয়াইল মধ্যপাড়ায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর বাবা মোয়াল্লেম সর্দার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার দুপুরে চট্টগ্রাম রোড লেগুনা স্ট্যান্ডে সিরিয়ালের বাইরে যাত্রী তোলাকে কেন্দ্র করে হৃদয় নামের এক চালকের সঙ্গে খায়রুলের বাকবিতণ্ডা হয়। পরে যাত্রাবাড়ীতে পৌঁছালে হৃদয়ের নেতৃত্বে কয়েকজন চালক মিলে খায়রুলকে মারধর করে গুরুতর আহত করেন।

খায়রুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে পুলিশ বলছে, ঘটনাটি চাঁদাবাজি নয়, যাত্রী তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লেগুনা চলাচল বন্ধ রাখেন চালকরা।

নিহতের পরিবার জানায়, খায়রুল দেড় মাস আগে থেকে ভাড়ায় লেগুনা চালানো শুরু করেন। তাঁর তিন বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970