‘৪০ টাকার ময়লা বিলে ১২০ থেকে ১৫০ টাকা চাঁদা, প্রতিবাদ করাতেই আমার ওপর হামলা’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:০৮ এএম

ছবি: সংগৃহীত

সিটি কর্পোরেশনের ময়লা অপসারণের বিলকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তুলে প্রতিবাদ করায় নিজের ওপর হামলার অভিযোগ করেছেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা এক তরুণ আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

রবিবার (৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন। এ সময় আহত ওই তরুণও তার পাশে উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আব্দুল বাতেন বলেন, তিনি ঢাকা-১৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য। নির্বাচনের পর থেকেই বিভিন্ন এলাকায় গেলে প্রতিপক্ষ বা পরাজিত প্রার্থীর সমর্থকদের পক্ষ থেকে তাকে নানাভাবে বাধার মুখে পড়তে হচ্ছে। এমনকি মসজিদে গেলেও সেখানে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, নির্বাচনের পর থেকে তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জনগণকে ধন্যবাদ জানানো এবং তাদের সমস্যার কথা শোনাই তার মূল উদ্দেশ্য। তবে প্রায় প্রতিটি জায়গাতেই অযৌক্তিক বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে আব্দুল বাতেন বলেন, রোববার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে রূপনগর থানার চলন্তিকা মোড়ের পূর্ব পাশে অবস্থিত মল্লিকা মসজিদে আসরের নামাজ আদায় করতে যান তিনি। নামাজ শেষে মুসল্লিদের সালাম দেওয়ার পরই তাকে কথা বলতে বাধা দেওয়া হয়। এরপর মসজিদের ভেতরে হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তার দাবি, এটি পূর্বপরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার সঙ্গে থাকা কয়েকজনকে মারধর করা হয় এবং অনেকে আহত হন। তার সঙ্গে থাকা ক্যামেরাম্যানের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি একাধিক মোবাইল ফোনও কেড়ে নেওয়ার অভিযোগ করেন তিনি।

সংসদ সদস্য বলেন, একটি গণতান্ত্রিক সমাজে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের কাছে যাওয়া ও তাদের সমস্যা শোনার অধিকার তার রয়েছে।

তিনি আরও বলেন, এলাকাবাসীর কাছ থেকে ময়লা অপসারণের নামে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত আদায় করা হয়। অথচ যারা ময়লা পরিবহন করেন তারা পান মাত্র ৪০ টাকা। বাকি অর্থ স্থানীয় কিছু নেতা নিয়ে থাকেন বলে অভিযোগ করেন তিনি। এ চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর থেকেই একটি মহল ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে নানা ধরনের বাধা সৃষ্টি করছে বলেও দাবি করেন আব্দুল বাতেন।

পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের আচরণ সন্তোষজনক ছিল না। বরং তারা তার সঙ্গীদেরই নিবৃত করার চেষ্টা করেছে, যার ফলে হামলাকারীরা সুযোগ পায়।

এ ঘটনায় তার পাশে থাকা এক তরুণকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে বলে জানান সংসদ সদস্য। তার শরীরে আঘাত করা হয়েছে, জামা ছিঁড়ে ফেলা হয়েছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া তার ক্যামেরাম্যানের কাছ থেকেও ক্যামেরা, ঘড়ি ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাকেও মারধর করা হয়েছে বলে জানান আব্দুল বাতেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কারা এর পেছনে ইন্ধন দিচ্ছে তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন এবং যারা হামলা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970