নারীর গোসলের ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট, গ্রেপ্তার ৩
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারী গোসলের সময় গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহবধূ নিজ বাড়ির বাথরুমে গোসল করার সময় অভিযুক্তরা গোপনে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অপরের কাছে শেয়ার করা হয়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী নারী ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীসহ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে উপজেলার চরহোসেনপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— আরাফাত হোসেন ভূইয়া রুদ্র (১৬), শরীফ মিয়া (১৫) ও তুর্জয় দেবনাথ (১৭)।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম জানান, এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারদের সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।