খুলনার ভয়ংকর সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
খুলনার সোনাডাঙ্গা এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪)–কে যশোর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার পলাশ সোনাডাঙ্গা থানার ২২ নম্বর গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।
র্যাব–৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চিংড়ি পলাশ তার সহযোগীদের নিয়ে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি জানান, চিংড়ি পলাশ দীর্ঘদিন ধরে খুলনা ও আশপাশের জেলায় চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে—এর মধ্যে সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা মামলা এবং মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে আরও ৪টি মামলা।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে স্ত্রীসহ মাদক মামলায় গ্রেপ্তার হয় পলাশ। চার মাস আগে জামিনে বের হয়ে আবারও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।