আগস্ট মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৭ পিএম
আগস্ট মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের বিদ্যমান খুচরা মূল্যই আগামী আগস্ট মাসজুড়ে কার্যকর থাকবে। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ৩০ জুনও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি তেলের মূল্য সমন্বয় সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেবারও সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।
সরকার ২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এ ব্যবস্থার আওতায় আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়।