অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম
জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বিষয়টি দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে অভিনেতা বর্তমানে নেপালে অবস্থান করছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এ মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই।
ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়র দর্শন বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পারিবারিক বাধা উপেক্ষা করে তারা বিয়ে করেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। দাম্পত্য জীবনে তাদের প্রিয়মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।