সবাইকে পেছনে ফেলে মিস ইউনিভার্সে শীর্ষে বাংলাদেশের মিথিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। মোট ১২১টি দেশের সুন্দরী প্রতিযোগীর সঙ্গে কড়া লড়াই করছেন তিনি এবং শুরু থেকেই দর্শক ও বিচারকদের নজর কাড়ছেন।
বর্তমানে অনলাইন ভোটিং চলছে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘পিপলস চয়েজ’ বিভাগে ১২ নভেম্বর রাত ৮টার তথ্য অনুযায়ী মিথিলা ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন। পরবর্তী সময়ে তিনি ভোটে এগিয়ে এসে ভোরের দিকে দ্বিতীয় স্থানে ওঠেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন মিথিলা শীর্ষে রয়েছেন।

ফিলিপাইন ও চিলির প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশের এই এগিয়ে যাওয়া এখন সবাইকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। শুধু ‘পিপলস চয়েজ’ নয়, অন্যান্য বিভাগেও দারুণ পারফর্ম করছেন মিথিলা। ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ বিভাগে প্রথম, ‘মিস কনজেনিয়ালিটি’ ও ‘বেস্ট ইভিনিং গাউন’ বিভাগে দ্বিতীয় এবং ‘বেস্ট স্কিন’ বিভাগে তৃতীয় অবস্থানে রয়েছেন।
ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। তাই দেশবাসীকে আহ্বান জানানো হচ্ছে, কয়েক মিনিট সময় নিয়ে ফোন বা অনলাইনে বাংলাদেশকে সমর্থন করুন এবং তানজিয়া জামান মিথিলাকে মিস ইউনিভার্সের শীর্ষে পৌঁছাতে সাহায্য করুন।