মোদিকে নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য, গ্রেপ্তার আতঙ্কে ভারতীয় গায়িকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্ন তোলায় আইনি জটিলতায় পড়েছেন ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। শুক্রবার (৬ ডিসেম্বর) এলাহাবাদ হাইকোর্ট তার আগাম জামিন আবেদন নাকচ করে দিয়েছে। ফলে যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে।
নেহা সিংহ রাঠৌর এ বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকার ও মোদিকে দায়ী করেছিলেন। লখনৌসহ রাজ্যের বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। আইনি ঝামেলা এড়াতে তিনি আগাম জামিন চাইলেও তা মঞ্জুর হয়নি।
নেহা মন্তব্য করেছিলেন, “শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলো এখন আর গুরুত্ব পাচ্ছে না। দেশে জাতীয়তাবাদের রাজনীতি ও হিন্দু-মুসলিম বিভেদ তুঙ্গে, মানুষ প্রাণ হারাচ্ছে। আমি কি সরকারের (মোদির) বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব?”। এই মন্তব্য ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং সরকার সমর্থকরা আইনি ব্যবস্থা নেয়।
নিজের পক্ষে ব্যাখ্যা দিয়ে নেহা বলেন, “একজন স্বাধীন নাগরিক হিসেবে সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার আমার আছে। আমি কোনো উস্কানিমূলক গান গানিনি, কেবল প্রশ্ন করেছি।” আদালত তার জামিন না দিয়ে আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে।