ভেনেজুয়েলায় বিনামূল্যে স্টারলিংক ইন্টারনেট দেওয়ার ঘোষণা ইলন মাস্কের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
ভেনেজুয়েলার সাধারণ জনগণের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই ফ্রি ইন্টারনেট পরিষেবা চালু থাকবে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্টারলিংকের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময় পর্যন্ত ভেনেজুয়েলার জনগণ বিনামূল্যে ও নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে ইন্টারনেট সংযোগে কোনো ধরনের ব্যাঘাত না ঘটার নিশ্চয়তাও দেয় প্রতিষ্ঠানটি।
ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে সরকারি নিয়ন্ত্রণ, ঘন ঘন লোডশেডিং এবং ধীরগতির কারণে ইন্টারনেট পরিষেবা অত্যন্ত নিম্নমানের ছিল। ফলে স্টারলিংকের এই ঘোষণাকে দেশটির সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে স্টারলিংক বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পরিষেবা প্রদানকারী।
এই ঘোষণার পেছনে সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক অস্থিরতার প্রেক্ষাপটও আলোচনায় এসেছে। গত শনিবার মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প নিকোলাস মাদুরোকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখতেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মাদুরোর প্রতি তার অবস্থান আরও কঠোর হয়।
এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, চার দিন আগেই তিনি মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে অভিযানের নির্দেশ দিয়েছিলেন।