কুয়েতে ৩ বিমান বিধ্বস্তের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৮:০৪ পিএম

ছবি: সংগৃহীত

কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েতের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত গুলি ছোড়ার কারণেই এই ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হামলার মুখে কুয়েতে একটি যুদ্ধ অভিযানে অংশ নেওয়ার সময় তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। ওই সময় ইরানের বিমানবাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে কুয়েতের ওপর হামলা চালানো হচ্ছিল বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভুলবশত মার্কিন বিমানগুলোকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়, যার ফলেই সেগুলো ভূপাতিত হয়। তবে বিধ্বস্ত তিনটি বিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে স্থিতিশীল রয়েছেন।

চলমান সংঘাতে এই প্রথম ইরানের পুরনো বিমান বহরকে সরাসরি লড়াইয়ে অংশ নিতে দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে কুয়েত সরকারও ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা এবং চলমান অভিযানে তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

অন্যদিকে, কুয়েতে বিধ্বস্ত হওয়া একটি মার্কিন যুদ্ধবিমানে হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970