আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৫৮ এএম
ক্যারিবীয় অঞ্চলের দেশ কিউবায় সরকার পরিবর্তনের হুমকি আবারও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানকে ঘিরে তার প্রশাসনের চলমান সামরিক অভিযান শেষ হওয়ার পর কিউবা নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ শুরু হতে পারে। এ সময় কিউবা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান তিনি।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কিউবায় বর্তমানে যে পরিস্থিতি চলছে তা অত্যন্ত বিস্ময়কর। তিনি বলেন, প্রথমে ইরানের বিষয়টি শেষ করতে চান তারা। এরপর কিউবা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যা এখন শুধু সময়ের অপেক্ষা।
তিনি আরও দাবি করেন, তার প্রশাসন বিভিন্ন উপায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে শক্তিশালী ও পুনর্গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের মতে, পরিকল্পনার তুলনায় কখনও কখনও বেশি সামরিক শক্তি ব্যবহার করতে হয়েছে, তবে প্রতিবারই এর কার্যকারিতা দেখা গেছে।
এর আগে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর ক্যারিবীয় অঞ্চলের দেশ কিউবাকে কড়া বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না এলে কিউবা নিকট ভবিষ্যতে মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে। এমনকি কোনো দেশ কিউবায় তেল রপ্তানি করলে সেই দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দেন তিনি।