গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আমস্টারডামে লাখো মানুষের বিক্ষোভ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম
গাজায় ইসরায়েলের লাগাতার হামলা ও গণহত্যার প্রতিবাদে ইউরোপজুড়ে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে, যেখানে প্রায় আড়াই লাখ মানুষ ঐতিহাসিক মিউজিয়াম স্কয়ারে জড়ো হয়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেয়।
বিক্ষোভকারীদের হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার, যেখানে লেখা ছিল—“ফ্রি প্যালেস্টাইন”, “স্টপ দ্য জেনোসাইড” ইত্যাদি। পুরো এলাকাজুড়ে একটাই কণ্ঠ ধ্বনিত হচ্ছিল—“ফ্রি প্যালেস্টাইন!”
তুরস্কের ইস্তাম্বুলেও একই দিনে হাজারো মানুষ হায়া সোফিয়া মসজিদ থেকে গোল্ডেন হর্ন নদীর তীরে বিশাল মিছিল বের করে। সেখানে তুর্কি ও ফিলিস্তিনি পতাকায় সাজানো নৌকাগুলো অংশ নেয়, যা ফিলিস্তিনের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখা হয়। একজন বিক্ষোভকারী হাতে ধরে রেখেছিলেন একটি প্ল্যাকার্ড, যাতে লেখা ছিল—“নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনকে মুক্ত করো।”
বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতেও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা হাতে তুলে নেন প্ল্যাকার্ড-“গাজা অনাহারে” এবং “গাজা শিশুদের সবচেয়ে বড় কবরস্থান”—যা গাজার মানবিক বিপর্যয়ের প্রতিবাদে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে।
এছাড়া মরক্কোর রাজধানী রাবাতে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায় এবং নিজেদের সরকারের প্রতি আহ্বান জানায়-২০২০ সালে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের সিদ্ধান্ত বাতিল করার জন্য।
স্পেনেও ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর একদিন আগে মাদ্রিদ ও বার্সেলোনায় অনুষ্ঠিত বিশাল সমাবেশের পর দেশজুড়ে ছোট ছোট মিছিল হয়। অনেকেই সেখানে সাদা কাপড়ে মোড়ানো পুঁটলি বহন করে, যা গাজার নিহত শিশুদের দেহের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
ইউরোপের বিভিন্ন শহরে এই গণবিক্ষোভ প্রমাণ করেছে, ফিলিস্তিনের মুক্তি ও গাজার মানবিক বিপর্যয় ঠেকাতে বিশ্ববাসীর ঐক্য ও প্রতিবাদের স্রোত ক্রমেই জোরদার হচ্ছে।