যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ইতালির প্রধানমন্ত্রীর ‘না’, হতবাক ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অবস্থানে তিনি হতবাক হয়েছেন, কারণ তিনি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছেন। মঙ্গলবার ইতালির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, তিনি দীর্ঘদিন ধরে জর্জিয়া মেলোনির সঙ্গে কথা বলেননি। তার দাবি, ন্যাটো বিষয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা না করা এবং পারমাণবিক অস্ত্রবিষয়ক নীতিতে সমর্থন না দেওয়ায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।
ইরানের কথিত পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প বলেন, মেলোনি আর আগের মতো অবস্থানে নেই এবং ইতালিও আগের মতো থাকবে না। তিনি ইতালির জ্বালানি নীতির সমালোচনা করে বলেন, দেশের নেতৃত্ব ইরান থেকে তেল সংগ্রহ বা নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখছে না।
ট্রাম্প আরও দাবি করেন, তিনি মেলোনির আচরণে বিস্মিত। তার ভাষায়, তিনি ভেবেছিলেন মেলোনি সাহসী অবস্থান নেবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্রের ঝুঁকি মোকাবিলায় ইতালির অবস্থান যথেষ্ট শক্ত নয়।
ট্রাম্পের এই মন্তব্যের পর ইতালির বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ডেমোক্রেটিক পার্টির নেত্রী এলি শ্লাইন বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য অগ্রহণযোগ্য। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ বা হুমকি মেনে নেওয়া যায় না।