ভারতের ছত্তিশগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৫ এএম
ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন কর্মচারী।
মঙ্গলবার দুপুরে সাক্তি জেলার সিংঘিতারাই এলাকায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কেন্দ্রটি বেদান্ত শিল্পগোষ্ঠীর মালিকানাধীন এবং এর উৎপাদন ক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট। ২০২৫ সাল থেকে কেন্দ্রটি বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পরপরই স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর জানান, ঘটনাস্থলেই চারজন কর্মচারী নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজন মারা যান। আহত ২২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বেদান্ত শিল্পগোষ্ঠী জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটির বয়লার ইউনিট তারা সরাসরি পরিচালনা করত না। একটি পৃথক প্রতিষ্ঠান এই ইউনিটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল।
তবে নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই মুহূর্তে তাদের প্রধান অগ্রাধিকার হলো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেছেন, নিহতদের পরিবারের পাশে রয়েছে সরকার। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: দ্য ইকোনমিক টাইমস