কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৫ এএম

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৮ জন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। ঘটনাটি দেশজুড়ে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় সময় শনিবার কাউকা অঞ্চলের কাজিবিও এলাকার এল টুনেল অংশে প্যান আমেরিকান মহাসড়কে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন কাউকা অঞ্চলের গভর্নর অক্টাভিও গুজমান।

তিনি জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আহতদের মধ্যে পাঁচজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

এ ঘটনাকে তিনি বেসামরিক মানুষের ওপর নির্মম ও নির্বিচার হামলা বলে নিন্দা জানান। একই সঙ্গে তিনি সরকারের কাছে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর মহাসড়কে পুড়ে যাওয়া গাড়ি, ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ এবং বিধ্বস্ত পরিবেশ। গভর্নর বলেন, কাউকা অঞ্চল একা এই ধরনের বর্বরতার মোকাবিলা করতে পারে না।

তিনি আরও জানান, এল তাম্বো, কালোতো, পোপায়ান, গুয়াচেনে, মেরকাদেরেস ও মিরান্ডা এলাকাতেও সহিংস ঘটনার খবর পাওয়া গেছে।

কলম্বিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল হুগো লোপেজ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। তিনি হামলার জন্য ইভান মোরদিস্কো নামের এক ব্যক্তির নেটওয়ার্ক এবং জাইমে মার্টিনেজ নামের একটি গোষ্ঠীকে দায়ী করেন।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের সন্ত্রাসী, ফ্যাসিস্ট এবং মাদক পাচারকারী হিসেবে অভিহিত করেন।

এদিকে ভায়ে দেল কাউকা অঞ্চলের গভর্নর ফ্রান্সিসকা তোরো কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি সহায়তা চেয়েছেন। তিনি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন, গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970