১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:১৯ এএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলি এক জিম্মির মরদেহের বিনিময়ে ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বুধবার ওই ফিলিস্তিনিদের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েলি বাহিনী।

তবে হামাস জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর গাজায় নিয়ে যাওয়া জিম্মিদের মধ্যে অন্তত দুজন—একজন ইসরায়েলি ও একজন থাই নাগরিকের—মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। হামাসের দাবি, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে মরদেহ সন্ধানে সময় লাগছে। অন্যদিকে ইসরায়েল বলছে, শেষ জীবিত জিম্মিদের মুক্তির পর থেকে হামাস ইচ্ছাকৃতভাবে দেরি করছে।

হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানান, বাকি দুই জিম্মির মরদেহও হস্তান্তরের বিষয়ে সংগঠনটি অঙ্গীকারবদ্ধ। এরই মধ্যে চুক্তির প্রথম ধাপের মরদেহ বিনিময় প্রায় শেষের পথে।

এদিকে কায়রোতে মঙ্গলবার তুরস্ক, কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা হয়েছে। পরিকল্পনায় রয়েছে গাজায় সশস্ত্র আন্তর্জাতিক বাহিনী (আইএসএফ) মোতায়েন, গাজা পুনর্গঠনের তদারকির জন্য নতুন আন্তর্জাতিক সংস্থা গঠন এবং হামাসকে নিরস্ত্র করার কার্যক্রম—যা ইসরায়েলের মূল দাবি। ইন্দোনেশিয়া জানিয়েছে, তারা এই বাহিনীতে ২০ হাজার শান্তিরক্ষী পাঠানোর কথা বিবেচনা করছে।

যুদ্ধবিরতি টিকে থাকলেও বাস্তবায়নের সময়সীমা ও প্রতিটি ধাপ নিয়েই নানা প্রশ্ন রয়েছে। দুই পক্ষের অভিযোগ-প্রত্য অভিযোগের মধ্যেও নাজুক সমঝোতাটি কার্যকর আছে।

এদিকে পশ্চিম তীরের এক ফিলিস্তিনি কর্মকর্তা অভিযোগ করেন, সেখানে ইসরায়েল বৃহৎ সামরিক অভিযান চালাচ্ছে। ইসরায়েল জানায়, তারা “ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান” শুরু করেছে, তবে বিস্তারিত জানানো হয়নি।

চুক্তি অনুযায়ী, উদ্ধার হওয়া প্রত্যেক জিম্মির বিপরীতে ইসরায়েল ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দেবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৩৪৫টি মরদেহ ফেরত দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে কারা ৭ অক্টোবর নিহত হয়েছিলেন, কারা ইসরায়েলি হেফাজতে মারা গেছেন কিংবা যুদ্ধের সময় তুলে নেওয়া হয়েছিল—তা এখনও স্পষ্ট নয়। পরিচয় নিশ্চিত করা গেছে মাত্র ৯৯ জনের; ডিএনএ টেস্ট কিট সংকট থাকায় শনাক্তকরণ জটিল হয়ে পড়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970