ঢাকা-৫ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ, ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:১২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী মো. নবী উল্লার করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশও দিয়েছেন আদালত।
বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন-এর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ঢাকা-৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। এর আগে নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে ২৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদন প্রাথমিকভাবে শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগের বিষয়ে শুনানি করতে হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি করছেন।
হাইকোর্ট বিভাগের কার্যতালিকা অনুযায়ী, এই বেঞ্চকে অন্যান্য দেওয়ানি এখতিয়ার ছাড়াও ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশের মাধ্যমে সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুসারে নির্বাচনী আবেদনপত্র গ্রহণ, রুল জারি এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে।