জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে বাধা নেই
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম
স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)। এর ফলে কারাগার থেকে তার মুক্তিতে আপাতত আর কোনো আইনি বাধা নেই।
সোমবার (৩ আগস্ট) আদালত-সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জারি করা রুল যথাযথ ঘোষণা করে জাহের আলভীর জামিন মঞ্জুর করেন। তার পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। তবে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে ২৪ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।