ডেইলি স্টারে হামলায় ক্ষতি ৪০ কোটি টাকা, ৪০০ জনের বিরুদ্ধে মামলা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে পরিকল্পিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২২ ডিসেম্বর) ডেইলি স্টারের অপারেশন শাখার প্রধান মিজানুর রহমান তেজগাঁও থানায় একটি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১৯ ডিসেম্বর রাত ১২টা ২৫ মিনিটে প্রায় ৩৫০–৪০০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠি ও দাহ্য পদার্থ নিয়ে ডেইলি স্টার কার্যালয়ের সামনে সমবেত হয়। হামলার আগে কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট সামাজিক মাধ্যমে উসকানিমূলক পোস্ট দেন। ওই নির্দেশনা অনুযায়ী হামলাকারীরা ভবনের স্টিল গেট ও কাচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

হামলাকারীরা সাংবাদিক ও কর্মীদের মারধরের চেষ্টা চালায় এবং অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জাম ধ্বংস করে। ভবনের নিচতলা থেকে তৃতীয় তলায় অগ্নিসংযোগ এবং চতুর্থ থেকে অষ্টম তলায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সার্ভার, প্রিন্টার ও স্টুডিও সরঞ্জামসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নষ্ট ও লুট হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন লকারে সংরক্ষিত প্রায় ৩৫ লাখ টাকা লুট হয়।

হামলাকারীরা অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং, লিফট ও বৈদ্যুতিক লাইনে মারাত্মক ক্ষতি করে। এমনকি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড ঘটানোর চেষ্টা চালানো হয়। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরা ও ডিভিআর ভেঙে ফেলা হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের কাজেও বাধা দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়।

হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়লে ভোর আনুমানিক ৪:৩০টার দিকে হামলাকারীরা স্থান ত্যাগ করে। হামলার কারণে ডেইলি স্টারের প্রকাশনা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়; ১৯ ডিসেম্বর পত্রিকাটি প্রকাশ করা সম্ভব হয়নি এবং অনলাইন কার্যক্রম প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশ্যণ্যু মারমা জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে। এতে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। হামলার ঘটনায় দেশ-বিদেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970