নির্বাচন হবে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রধান উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ এএম
আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে পুনরায় আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন ঘিরে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এই ফোনালাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত বিষয়, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।
আলোচনায় সাম্প্রতিক শুল্ক সংক্রান্ত আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান সার্জিও গোর। এর ফলে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্কহার কমে ২০ শতাংশে নেমে এসেছে।
প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিন স্বৈরাচারী শাসনামলে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা বিপুল অর্থ ব্যয় করে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে এবং তাদের পলাতক নেতারা সহিংসতা উসকে দিচ্ছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
ড. ইউনূস বলেন, নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি স্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে চায় অন্তর্বর্তী সরকার।
এ সময় ফোনালাপে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।