জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ পৌঁছান। এ সময় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের গুরুত্বপূর্ণ এক সময়ে সবাই একত্রিত হয়েছেন। তিনি উল্লেখ করেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে এবং বহু মানুষের ত্যাগ ও নির্যাতনের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বর্তমান নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তিনি আল্লাহর নামে শপথ নিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।