পুলিশের পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:২৭ পিএম

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তনকে অধিক গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শুধু পোশাক বদলালেই মানসিকতার পরিবর্তন আসে না। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার। জনমনে স্বস্তি ফিরিয়ে আনা ও রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা সরকারের মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি জনগণের সরকার। আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করার আহ্বান জানান তিনি। পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশি কার্যক্রম চলবে না; পুলিশ আইনের ভিত্তিতেই দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার প্রশাসন পরিচালনায় নির্দেশনার ধারাবাহিকতা বজায় রাখতে চায়। কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরাসরি মন্ত্রীকে ফোন করলে তা শৃঙ্খলা ভঙ্গের শামিল হবে বলেও সতর্ক করেন তিনি।

রাজধানীর যানজট নিরসনে পর্যায়ক্রমে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণে কীভাবে পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে পুলিশকে ভাবতে বলা হয়েছে।

এছাড়া হাদি হত্যাকাণ্ডের তদন্ত চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970