মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদ এবং দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর পরিবারসহ মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) বেলা ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রী সপরিবারে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাত করেন।
কবর জিয়ারত ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরে যান।
এর আগে, সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেওয়ার পর তিনি সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফিরে আসেন। সকাল থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসেন। প্রধান ফটক সকাল সাড়ে আটটায় উন্মুক্ত করলে মুহূর্তেই পুরো এলাকা জনস্রোতে ভরে যায়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার সহধর্মিণী ড. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জায়মা রহমান। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে আগত অতিথিদের সঙ্গে হাত মেলেন এবং ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।