দৌলতদিয়ার বাস দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে জারি করা এক আদেশে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। এ কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করার দায়িত্ব পাবে।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন প্রতিনিধি।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে এবং দায়ীদের শনাক্ত করবে। প্রয়োজন হলে অতিরিক্ত সদস্যও কমিটিতে যুক্ত করা যাবে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়া ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারীরা, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।