বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভারতের কোনো সহযোগিতা ছিল না: ভারতীয় পররাষ্ট্র সচিব
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:২১ পিএম
বাংলাদেশে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওঠা বিতর্ক ও অভিযোগ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, এসব নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ভারতের কোনো ধরনের সহযোগিতা ছিল না।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত এসব নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে সমালোচনা ও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করে দেন ভারতের পররাষ্ট্র সচিব।
গত সোমবার নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আলোচনায় তিস্তা পানিবণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন, ভিসা ব্যবস্থা, জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক রাজনীতি এবং সাম্প্রতিক নানা ইস্যু উঠে আসে।
বিক্রম মিশ্রি বলেন, ভারত অতীতে বাংলাদেশের সব সরকারের সঙ্গেই কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তবে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ বা সহায়তার অভিযোগ তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, ভারত তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত। দুই দেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান ও স্বার্থের ভারসাম্য।
অন্তর্বর্তী সরকারের সময় যোগাযোগ কিছুটা কমে গিয়েছিল উল্লেখ করে তিনি জানান, সেই সময়েও ভারত যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছে। তিনি তার পূর্ববর্তী ঢাকা সফর এবং সাম্প্রতিক আন্তর্জাতিক বৈঠকের কথাও উল্লেখ করেন, যেখানে বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে।
ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বর্তমানে বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে এবং বিভিন্ন দ্বিপাক্ষিক প্ল্যাটফর্ম পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাণিজ্য বৃদ্ধি, ভিসা সহজীকরণ এবং সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়েও দুই পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
ভিসা পরিস্থিতি নিয়ে তিনি জানান, ইতোমধ্যে চিকিৎসা ভিসা বাড়ানো হয়েছে এবং অন্যান্য ভিসা প্রক্রিয়াও সহজ করা হয়েছে। শিগগিরই সব ধরনের ভিসা প্রদান স্বাভাবিক করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।