দেশের অর্থনীতি ধ্বংস করেছে আ.লীগ, নতুন করে দেশ গড়ে তোলা চ্যালেঞ্জের: মির্জা ফখরুল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:১৯ পিএম

ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতি পূর্ববর্তী সরকারের সময়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ পরিস্থিতিতে নতুন করে দেশ গড়ে তোলা বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অস্থিতিশীলতার কারণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। এসব প্রতিষ্ঠানকে আবার শক্তিশালী ও কার্যকর ভিত্তির ওপর দাঁড় করাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশ পুনর্গঠনের জন্য বর্তমান সময় একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যা বারবার আসে না।

জ্বালানি খাতের সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গ্যাস ও জ্বালানি তেলের ঘাটতির কারণে দেশের জ্বালানি খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে এ সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট গবেষক ও বিশেষজ্ঞরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।

বক্তব্যের শেষাংশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, রাজনীতি অবশ্যই রাষ্ট্র ও জনগণের কল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হওয়া উচিত। তিনি নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ইতিবাচক, দায়িত্বশীল ও গঠনমূলক রাজনীতির চর্চার আহ্বান জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970