প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ভারতের সফরে যাবেন কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিষয়টি সময়ই বলে দেবে। এ মুহূর্তে এ নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ নেই।
তিনি জানান, প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তাকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। পরবর্তীতে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্যও একটি পৃথক আমন্ত্রণ এসেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের দায়িত্ব পালনে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছেন। তাই তিনি কখন, কোথায়, কীভাবে এবং কী উদ্দেশ্যে বিদেশ সফরে যাবেন, সে বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত ও প্রয়োজনীয় তথ্য জানানো হবে।
এ সময় সাংবাদিকরা জানতে চান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো চিঠিতে নরেন্দ্র মোদি ব্রিকসের বর্তমান সভাপতি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, নাকি সেটি দ্বিপক্ষীয় ভারত সফরের আমন্ত্রণও ছিল।
জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিষয়টি এ মুহূর্তে আলোচনার বিষয় নয়।