শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সামনে অনুষ্ঠিত নির্বাচনে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সরকার সার্বিক প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় সব প্রশিক্ষণ নিচ্ছেন এবং জানুয়ারির মধ্যেই এসব প্রশিক্ষণ সম্পন্ন হবে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, নির্বাচনের দিন নিরাপত্তা বাহিনীর সদস্যরা বডি ক্যাম ব্যবহার করবেন। প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নির্বাচন কাছাকাছি সময়ে খুন বা অপরাধ পুরোপুরি বন্ধ রাখা সম্ভব না হলেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলে মন্তব্য করেন তিনি।
রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, “সব রাজনৈতিক দলই মাঠে আছে। কিন্তু যারা ঘরে বসে রাজনীতি করতে চায়, তাদের পার্টি অফিসে সমস্যা আছে বলেই মনে হয়।”