বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আসন্ন নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ প্রকাশ করেছেন। তিনি রোববার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে হজরত গেদু শাহ্ চিশতি (রহ.)-এর ৪৯তম বার্ষিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা মাত্র।”
নুর বলেন, তিনি মানুষের পাশে থাকতে চান এবং তাদের নিয়েই কাজ করতে চান। তিনি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ, জামায়াতসহ সব রাজনৈতিক ও ইসলামি দলের মানুষের অংশগ্রহণকে নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, দশমিনা ও গলাচিপা উপজেলাকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান, যেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। ওয়াজ ও দোয়া মাহফিলকে তিনি দেশের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ হিসেবে উল্লেখ করেন।
নুর গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে বলেন, প্রত্যেক মানুষের মত প্রকাশ ও ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা রয়েছে। তিনি জোর করে বাধা, হামলা বা বিশৃঙ্খলার রাজনীতিতে বিশ্বাস করেন না।
চাঁদাবাজি ও জনভোগান্তি বিষয়ে নুরুল হক নুর বলেন, উপজেলার সব ব্যবসা নির্বিঘ্নে চলবে এবং তাদের দলের কেউ যদি চাঁদাবাজি বা জনভোগান্তির সঙ্গে জড়িত থাকে, তাকে ছাড় দেয়া হবে না।
ওরস মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।