না খেয়ে থাকলেও আমরা ভারতের গোলামি করব না: মেজর হাফিজ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:১৪ এএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ভারত আমাদের কখনোই নিজের গোলাম হিসেবে রাখতে পারবে না। খেয়ে থাকি বা না খেয়ে থাকি, স্বাধীনতার পথে সমঝোতা হবে না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীনগর বাজারে প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “ভারত শেখ হাসিনাকে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় রেখে নিয়েছে। পতনের পর আবার তিনি সেই দেশের আশ্রয়ে চলে গেছেন। অন্যায়ভাবে শেখ হাসিনা দেশ শাসন করেছেন। যারা তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাদের অমানবিকভাবে নির্যাতন করা হতো।”

তিনি আরও বলেন, হ্যাঁ-না ভোটের কোনো আইনি ভিত্তি নেই। বিএনপির আপত্তি ছিল। তবে নির্বাচনের সুষ্ঠু আয়োজন না হওয়ার আশঙ্কায় বিএনপি আপাতত রাজি হয়েছে। নির্বাচনের পর এই বিষয়ে পুনঃবিশ্লেষণ করা হবে।

মেজর হাফিজ বলেন, “একটি দল নারীদের দিয়ে বাড়ি বাড়ি প্রচারণা চালাচ্ছে, ভোট দিলে বেহেশ্তে যাবে বলে। অথচ ওই দল সংসদে ৩০০ আসনের মধ্যে একজন নারী প্রার্থীও দেয়নি। তারা নারীদের সব সময় ব্যবহার করছে।”

জনসভায় বদরপুর বিএনপির (দক্ষিণ) সভাপতি মো. মারুফ সভাপতিত্ব করেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্যাহ হাওলাদার, বদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মেম্বারসহ অন্যান্য নেতাকর্মীরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970