আসন দেওয়ার মালিক আল্লাহ ও জনগণ, কোনো দল নয়: মির্জা আব্বাস
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আসন দেওয়ার মালিক কোনো দল বা ব্যক্তি নয়— এর মালিক একমাত্র আল্লাহ ও জনগণ। জনগণের ভোটই রাষ্ট্রক্ষমতার মূল উৎস।
রোববার রাজধানীর মালিবাগ ও শাহজাহানপুর এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি শাহজাহানপুর রেলওয়ে কলোনি মৈত্রী সংঘ মাঠে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।
মির্জা আব্বাস বলেন, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এলাকার জনগণ যেভাবে আমাকে ভালোবেসে ভোট দিয়েছিল, এবারও তারা আমার ও আমার দলের কর্মকাণ্ড মূল্যায়ন করে আমাকে নির্বাচিত করবে— ইনশাআল্লাহ।
জামায়াতের আমিরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কর্মসংস্থান নিয়ে দেওয়া বক্তব্য নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বেকার ভাতা নয়, কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে— তার মূল্যায়ন জনগণই করবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন প্রার্থী দাবি করেছেন ঢাকায় বিএনপিকে কোনো আসন দেওয়া হবে না। প্রশ্ন হলো— আসন দেওয়ার মালিক কে? আল্লাহ ও জনগণই আসনের মালিক। জনগণের ওপরে গিয়ে এমন বক্তব্য দেওয়া স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক মানসিকতার প্রকাশ। এতে মনে হচ্ছে, একটি বিশেষ শক্তি নির্বাচনী কারচুপির চেষ্টা করছে, যা জনগণ প্রতিহত করবে।
স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হলে তিনি বিএনপিতে ফিরবেন কি না— এ বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন, এটি সংশ্লিষ্ট প্রার্থীর একান্ত ব্যক্তিগত বিষয়; এ নিয়ে মন্তব্য করা সমীচীন নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন প্রসঙ্গে তিনি বলেন, কাউকে ঘায়েল করতে সব ধরনের অপকৌশল ব্যবহার করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভুয়া ডকুমেন্টারি বানানো হচ্ছে, বট বাহিনী দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ভরিয়ে দেওয়া হয়েছে। এসবের কোনো ভিত্তি নেই। এ ধরনের গোষ্ঠী অতীতেও জাতিকে বিভ্রান্ত করেছে, ভবিষ্যতেও করবে।
নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, আমি চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। কিন্তু কিছু দলের বক্তব্য ও সরকারের একটি মহলের আচরণে সন্দেহ তৈরি হচ্ছে। তবে বাংলাদেশের জনগণ সবসময় সচেতন ও প্রতিবাদী।
এলাকার সমস্যা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, গত ১৭ বছরে এই এলাকা ধ্বংসের মুখে পড়েছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস এলাকাকে গ্রাস করেছে। এসব থেকে এলাকাকে মুক্ত করাই এখন প্রধান চ্যালেঞ্জ। জয়ের ব্যাপারে আমি আশাবাদী, বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।