‎আওয়ামী লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:২১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে এই নির্বাচন কখনোই সার্বিকভাবে গ্রহণযোগ্য হতে পারে না। একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে সব বড় দলের অংশগ্রহণ জরুরি।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, নির্বাচনকালীন সময়ে ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তা পেলেও জাতীয় পার্টির নেতাকর্মী ও ভোটাররা নিরাপদ নন। অভিযোগ করে তিনি বলেন, সরকার একটি বিশেষ দলকে নির্বাচনী সুযোগ-সুবিধা দিতে কাজ করছে, যার ফলে এখন পর্যন্ত সমান প্রতিযোগিতার পরিবেশ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি। জাতীয় পার্টির প্রার্থীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, অথচ নির্বাচন কমিশন কার্যত নির্বিকার ভূমিকা পালন করছে।

এ সময় তিনি আরও বলেন, একটি পক্ষ জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। তবে ‘হ্যাঁ’ ভোট পাস হলে সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে বলে জাতীয় পার্টির অবস্থান। দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে জাতীয় পার্টি ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির প্রতি জনগণের ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন জি এম কাদের।

এছাড়া তিনি দুঃখ প্রকাশ করে বলেন, সারা বিশ্বে বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে পরিচিত ছিল, অথচ বর্তমান সরকার সেই ক্রিকেটকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

যশোরের সাম্প্রতিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ করলেই কারও পরিবারকে হত্যা করা হবে— এমন মনোভাব কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি আবারও দাবি করেন, এবারের নির্বাচনে জাতীয় পার্টির পক্ষে জনগণের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, তিন দিনের সফরে নিজ সংসদীয় আসন রংপুর-৩ এ নির্বাচনী প্রচারণা শেষে রোববার বিকেলেই ঢাকায় ফিরে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970