আমি আমার বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি: মির্জা ফখরুল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৩২ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি তার বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মানবকল্যাণ গ্রামে নির্বাচনী পথসভায় তিনি বলেন, “২০০১ সালের নির্বাচনে মা-বোনেরা ডিম, মুরগি ও সবজি বিক্রি করে আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি।”
তিনি আরও উল্লেখ করেন, ঢাকায় যে গাড়ি ব্যবহার করছেন তা ২০ বছর আগের। “এবার যে গাড়িতে এসেছি, সেটি আমার না, একজন সমর্থকের।” ফখরুল ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনারা পরিচিত মানুষ, ১৯৮৬ সাল থেকে পৌরসভার চেয়ারম্যান হিসেবে আপনারা আমাকে চিনেন। আজও কেউ আমার বিরুদ্ধে বলতে পারবে না যে আমি আপনাদের আস্থা ভঙ্গ করেছি।”
তিনি আশা প্রকাশ করেন, ধানের শীষে ভোট পেলে সংসদে গিয়ে মানুষের জন্য কাজ করতে পারবেন। ফখরুল বলেন, “আমাদের অনেক বছর ভোট দিতে পারা হয়নি। সামনের নির্বাচনে এই সুযোগ কাজে লাগাতে হবে। ঠাকুরগাঁওয়ে উন্নয়ন কাজ করা প্রয়োজন। আমরা ভিক্ষা চাই না, আমরা কাজ করতে চাই। মা-বোন ও যুবকদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাতে হবে।”