ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম
ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ ঘোষণা ও সিটি করপোরেশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নোয়াখালীবাসীর প্রাণের দাবিগুলো ইনসাফের ভিত্তিতে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, নোয়াখালী বিভাগ ও সিটি করপোরেশনের দাবির পাশাপাশি হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর এলাকায় নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কোম্পানীগঞ্জ-ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে অঙ্গীকার করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, যারা দেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে পেরেছে, তাদের হাতেই দেশ নিরাপদ থাকে। আর যারা ভালোবাসতে পারেনি, তারা নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। যাদের হাতে জনগণ নিরাপদ নয়, তাদের হাতে ক্ষমতা গেলে দেশ আরও ঝুঁকির মুখে পড়বে।
তিনি বলেন, দেশের মানুষ এখন বুঝতে পেরেছে। সারা বাংলায় ন্যায় ও ইনসাফের পক্ষে এক ধরনের জোয়ার সৃষ্টি হয়েছে। আমরা যেখানে যাচ্ছি, সেখানেই মানুষের ভালোবাসা পাচ্ছি। বিশেষ করে জুলাই অভ্যুত্থানের যোদ্ধা তরুণ সমাজ ১৩ তারিখের পর একটি নতুন বাংলাদেশ দেখার জন্য মুখিয়ে আছে।
জামায়াত আমির আরও বলেন, তরুণরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে- তারা আধিপত্যবাদের পক্ষে থাকবে নাকি যারা আধিপত্যবাদের বিরুদ্ধে বুক ফুলিয়ে দাঁড়িয়েছে, তাদের পক্ষে থাকবে। জুলাইয়ের চেতনা ও আকাঙ্ক্ষা কারা বাস্তবায়ন করতে পারবে, তা তারা বুঝে গেছে।
এ সময় তিনি নোয়াখালীর ছয়টি আসনে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। পরে নোয়াখালীর ছয় আসনের জামায়াতের চারজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক এবং ১১ দলীয় জোটের দুই প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দিয়ে তাদের জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।