তিন কেন্দ্রের ভোটে ৮২১ ব্যবধানে এগিয়ে নাহিদ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের তিনটি ভোটকেন্দ্রের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, তিন কেন্দ্র মিলিয়ে নাহিদ ইসলাম পেয়েছেন ২ হাজার ৩৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট। এতে ৮২১ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন নাহিদ ইসলাম।

ঢাকা-১১ আসনটি রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। বড় ধরনের কোনো সংঘাত ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সংসদ নির্বাচনের পাশাপাশি এবার গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বেলা ২টা পর্যন্ত সারা দেশের প্রায় ৪৩ হাজার কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার কেন্দ্রে ভোটগ্রহণের হার ছিল প্রায় ৪৮ শতাংশ।

২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবারের নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন—এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970