রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:১৭ পিএম

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে পরে তাকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বুধবার বিকেলে ঢাকার বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, চব্বিশের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এ কারণে তিনি ওই ঘটনার দায় এড়াতে পারেন না।

তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেপ্তার করতে হবে।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, তিনি যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন তা তার শপথের পরিপন্থী। ফলে তিনি আর রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য নন।

রাষ্ট্রপতির পদ সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবকস্বরূপ একটি মর্যাদাপূর্ণ পদ। এ পদে যে ধরনের সম্মান, শ্রদ্ধা ও ব্যক্তিত্বের প্রয়োজন, তা বর্তমান রাষ্ট্রপতির মধ্যে নেই বলে দাবি করেন তিনি। তাই অভিশংসনের মাধ্যমে তাকে পদ থেকে সরিয়ে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান নাহিদ ইসলাম।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970