জাতীয় নারীশক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন এই প্ল্যাটফর্মের মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুম, আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন এবং সদস্য সচিব হিসেবে ডা. মাহমুদা আলম মিতুর নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠানে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান অংশীদার ছিলেন নারীরা। তবে অভ্যুত্থানের পর একটি প্রশ্ন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে—জুলাইয়ের সেই সাহসী নারীরা এখন কোথায়?
তিনি বলেন, আন্দোলনের সময় নারীরা যেভাবে সক্রিয়ভাবে রাজপথে ছিলেন, পরবর্তী সময়ে সেই অনুপাতে তাদের রাজনীতির মাঠে দেখা যায়নি। এর পেছনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকেই দায়ী করেন তিনি।
নাহিদ ইসলাম আরও জানান, দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা ও কর্মসূচিতে গিয়ে আন্দোলনে অংশ নেওয়া অনেক নারীর সঙ্গে কথা বলে পরিবর্তনের আকাঙ্ক্ষা লক্ষ্য করা গেছে। তবে পারিপার্শ্বিক বাস্তবতার কারণে তারা নিজেদের যথাযথভাবে সোচ্চার করতে পারছেন না।
তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে যেসব নারীকণ্ঠ হারিয়ে গেছে, তাদের খুঁজে বের করে আবারও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে।