অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৬:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার বেলা ১১টায় মেঘনা উপজেলা পরিষদ মাঠে এনসিপির এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। পরে নতুন যোগদানকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য পদযাত্রাও অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, দেশে দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার, গণতন্ত্র ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তিনি দাবি করেন, দুর্নীতি, দখলবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে জনগণ পরিবর্তনের পথে ঐক্যবদ্ধ হচ্ছে এবং তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক ধারা গড়ে উঠছে। অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে মেঘনাসহ সারাদেশে এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও গণসংযোগ আরও জোরদার করা হবে বলে ঘোষণা দেন তিনি।

এনসিপি মেঘনা উপজেলা শাখার আহ্বায়ক এম কে রশিদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক নাদিমুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাভিদ নওরোজ। এছাড়া মাওলানা শওকত আদনানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970