আ.লীগের লকডাউন ঠেকাতে ঢাকায় মধ্যরাতে ইসলামী আন্দোলনের মহড়া
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:২৬ এএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঠেকাতে মধ্যরাতেই রাজপথে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। দলটির আমির পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে ঢাকাসহ সারাদেশে “ফ্যাসিবাদবিরোধী মহড়া” ও শোডাউন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে রাজধানীর মুগদা থানাসহ বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ বলেন, “পতিত ফ্যাসিবাদী শক্তি তাদের স্বভাবসুলভ সন্ত্রাস ও অগ্নিকাণ্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই মাফিয়া রাজনীতিকে আমরা কোনোভাবেই সুযোগ দিতে পারি না। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রাতেই ঢাকার রাজপথে নেমেছে।”
এছাড়া ঢাকার পাশাপাশি বরিশাল, ঝালকাঠি, খুলনা, যশোর, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ময়মনসিংহ, নীলফামারি, বগুড়া, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ফ্যাসিবাদবিরোধী মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনগুলো।