শিশু যৌন নির্যাতন চক্রের অভিযোগে মালয়েশিয়া থেকে বাংলাদেশিকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিল এফবিআই

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামে এক বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন গোয়েন্দা সংস্থা (এফবিআই)।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু পর্নোগ্রাফি তৈরির ষড়যন্ত্র, তা গ্রহণ ও বিতরণ, শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনা, সাইবার স্টকিং, পরিচয় চুরি এবং অনলাইন জালিয়াতিসহ একাধিক গুরুতর অভিযোগে ২০২২ সাল থেকে তাকে খুঁজছিল যুক্তরাষ্ট্র।

এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে দীর্ঘদিন ধরে ওয়ান্টেড থাকা বাংলাদেশি নাগরিক জোবাইদুল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

কাশ প্যাটেল আরও জানান, গত রাতে মালয়েশিয়া থেকে তাকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের মুখোমুখি হবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় মালয়েশিয়া সরকারসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতার কথা উল্লেখ করে এফবিআই পরিচালক কুয়ালালামপুরে অবস্থিত লিগ্যাট কার্যালয়, মালয়েশীয় কর্তৃপক্ষ এবং বিশ্বের বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান। পাশাপাশি অ্যাঙ্কোরেজ–এ অবস্থিত এফবিআই টিমের কাজের প্রশংসাও করেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ–এর ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে ৫ মার্চ তাকে আলাস্কার ডিস্ট্রিক্ট আদালতে হাজির করার বিষয়টি নির্ধারিত ছিল।

আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালের জুলাই মাসে আলাস্কার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি জোবাইদুল আমিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। অভিযোগে বলা হয়, আলাস্কাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং বিদেশের শত শত অপ্রাপ্তবয়স্ক শিশুকে নির্যাতন ও শোষণের সঙ্গে তিনি জড়িত ছিলেন। এসব অভিযোগ প্রমাণিত হলে তার ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, জোবাইদুল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট ব্যবহার করে শিশুদের শনাক্ত করতেন। এরপর তাদের প্ররোচিত বা ভয়ভীতি দেখিয়ে যৌনতাপূর্ণ ও অমানবিক আচরণের ছবি ও ভিডিও তৈরি করাতেন এবং সেগুলো অনলাইনে ছড়িয়ে দিতেন।

জানা গেছে, জোবাইদুল আমিন মালয়েশিয়ায় বসবাস করতেন এবং সেখানে একটি মেডিকেল স্কুলে অধ্যয়নরত ছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ ও তৈরির ১৩টি অভিযোগ আনে। এরপর থেকেই এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত কার্যক্রম পরিচালনা করছিল।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970