গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলার মুকসুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের আরও তিন নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে গত তিন দিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ১৮ জন নেতা-কর্মী দল ও পদ থেকে সরে দাঁড়ালেন।
রোববার বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন সংশ্লিষ্ট নেতারা। পদত্যাগকারীরা হলেন— মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নাদিম মুন্সী ও মো. রফিকুল ইসলাম মুন্সী এবং ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মোনায়েম হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. নাদিম মুন্সী বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে তিনি স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন। আজ থেকে তার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও তিনি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না বলে জানান।
অন্যদিকে, ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মোনায়েম হোসেন জানান, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় দলের সব পদ-পদবি থেকে সরে দাঁড়াচ্ছেন। একই সঙ্গে ভবিষ্যতে রাজনীতিতে যুক্ত না থাকার ঘোষণাও দেন তিনি।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) মুকসুদপুর থেকে ১০ জন এবং টুঙ্গিপাড়া থেকে ৪ জন আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেন। এছাড়া শুক্রবার (১৯ ডিসেম্বর) কোটালীপাড়া থেকে যুবলীগের এক নেতা দল ছাড়েন।