দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তিস্থল বান্দরবান
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পিএম
বন্দরনগরী চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় হঠাৎ এই কম্পনে নগরীর বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল পার্বত্য জেলা বান্দরবানের রুমা এলাকায়।
ভূমিকম্পের সময় নগরীর বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও আসবাবপত্র কেঁপে ওঠে। এতে আতঙ্কিত হয়ে অনেক মানুষ নিরাপত্তার জন্য ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট ৩১ সেকেন্ডে এই ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ২৮৯ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে।