বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের আংশিক) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের কাছে পৃথক তিনটি আবেদনের মাধ্যমে তিনি এ অভিযোগ জমা দেন। অভিযুক্তরা হলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং একই উপজেলার যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ।

লিখিত অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ৪ জানুয়ারি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশুগঞ্জে আয়োজিত এক মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বিএনপি নেতা হাবিবুর রহমান তাকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করেন। তিনি বলেন, রুমিন ফারহানা ‘টিস্যু পেপার হয়ে গেছে’, যার কোনো কাজে লাগে না। এছাড়া গত ১১ জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে অনুষ্ঠিত আরেকটি মিলাদ মাহফিলে তার পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, একই অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ মন্তব্য করেন, রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। এসব মন্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নারী প্রার্থীর প্রতি অবমাননাকর বলে দাবি করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিধি অনুযায়ী অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970