কুড়িগ্রামে সাংবাদিকদের মুখোমুখি জামায়াতের হেভিওয়েট প্রার্থী
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী মোহাম্মদীয়া হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, তিনি নির্বাচিত হলে কুড়িগ্রাম-৪ আসনকে উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধের একটি মডেল আসনে পরিণত করতে কাজ করবেন। তিনি জানান, এলাকার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করাই হবে তার প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থান সবসময় সুস্পষ্ট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. হায়দার আলী, কুড়িগ্রাম-৪ আসনের মিডিয়া উইং সভাপতি মো. সানাউল্লাহ সরকার, উপজেলা সেক্রেটারি প্রভাষক শাহাদত হোসেন, সদর ইউনিয়ন আমীর মাওলানা শহীদ মাসউদ, স্থানীয় নেতা জাহিদুল ইসলামসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে প্রার্থীর বক্তব্য শোনেন এবং এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।