রাউজানে নলকূপের গর্তে পড়া ৫ বছরের শিশু উদ্ধার, নেওয়া হচ্ছে হাসপাতালে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু মিসবাহকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে দীর্ঘ উদ্ধার অভিযানের পর শিশুটিকে গর্ত থেকে বের করে আনা হয়। পরে দ্রুত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধার হওয়া শিশুটি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম জানান, শিশুটি প্রায় ৩০ ফুট গভীর নলকূপের গর্তে পড়ে যায়। খবর পেয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। বিশেষ যন্ত্রপাতির সহায়তায় গর্তের চারপাশের মাটি কেটে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

শিশুটি নলকূপের গর্তে পড়ে যাওয়ার খবরে এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্থানীয়দের টর্চলাইটের আলো ফেলিয়ে গর্তের ভেতরে শিশুটিকে খোঁজার চেষ্টা করতে দেখা যায়। কেউ কেউ শিশুটিকে ধরে রাখার জন্য গাছের ডাল ঢোকানোর পরামর্শ দিলেও পরে ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত দল নিয়ন্ত্রিতভাবে উদ্ধার অভিযান সম্পন্ন করে।

উল্লেখ্য, এর আগেও নলকূপের গর্তে শিশু পড়ে যাওয়ার ঘটনা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপে পড়ে দুই বছরের শিশু সাজিদের মৃত্যু হয়। দীর্ঘ উদ্ধার অভিযানের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970