শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

শেরপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনী ইশতেহার পাঠের অনুষ্ঠানকে কেন্দ্র করে এই সহিংসতার সূত্রপাত হয়। ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে অনুষ্ঠান শুরুর প্রস্তুতির সময় মঞ্চে বসার স্থান নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন দলের প্রার্থীরা অনুষ্ঠানে উপস্থিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল সভাপতির আসনে বসার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও মঞ্চে অবস্থান নেন। এ সময় সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থকের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে মঞ্চের সামনে রাখা কয়েকশ চেয়ার ভাঙচুর করা হয় এবং অনুষ্ঠানস্থলে থাকা একাধিক মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জামায়াত মনোনীত প্রার্থী নূরুজ্জামান বাদল অভিযোগ করেন, বিএনপি ও তাদের সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে জামায়াতের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, হামলায় তাদের দলের অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

অন্যদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াত পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তাদের হামলায় বিএনপির বহু নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেন তিনি।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল বলেন, “সব প্রার্থীদের নিয়ে শান্তিপূর্ণভাবে ইশতেহার পাঠের আয়োজন করা হয়েছিল। বসার বিষয় নিয়ে সামান্য উত্তেজনা তৈরি হলেও তা বড় আকার ধারণ করে।”

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো মামলা হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970