আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না: নুরুল হক নুর
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম
পটুয়াখালী-৩ আসনের বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুর বলেছেন, “গলাচিপার মানুষের যে প্রগলভ সমর্থন আমরা দেখছি, সেটি আমাদের বিজয়কে কেউ থামাতে পারবে না। আগামী ১২ ফেব্রুয়ারি সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিন, এরপর শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করুন—এটাই আমাদের অঙ্গীকার।”
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
নুর আরও বলেন, “পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন বা জামায়াতে ইসলামীর একক বিজয়ের সম্ভাবনা এখনো দৃঢ় নয়। একজন স্বতন্ত্র প্রার্থী আছেন, যিনি একসময় বিএনপির নেতা ছিলেন এবং বর্তমানে বহিষ্কৃত। এই বাস্তবতায় যদি আমরা সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতে এলাকার জন্য শুধু দুর্ভোগ অপেক্ষা করছে।”
তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, “সময়ের সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার কারণে আমি সকলের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারিনি। বাজার ঘুরতে পারিনি বা প্রত্যেককে ফোন দিতে পারিনি। অনেকেই আশা করেছিলেন আমি ঘরে ঘরে গিয়ে কথা বলব। সেটা সম্ভব হয়নি—আপনাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে গ্রহণের জন্য অনুরোধ রইল। দলের সীমাবদ্ধতা ও রাজনৈতিক পার্থক্য উপেক্ষা করে আমি চাই সবাই এই এলাকার উন্নয়নে একযোগে কাজ করুক। ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন।”
নুর বলেন, “আমাদের রাস্তাঘাটের অবস্থা করুণ। আমরা পরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ করব, যাতে মানুষ নিরাপদ ও স্বস্তিতে চলাচল করতে পারে। চর ও দুর্গম এলাকায় রাতের সময় কেউ অসুস্থ হলে হাসপাতালেও উপযুক্ত ডাক্তার পাওয়া যায় না। দুই উপজেলার হাসপাতাল আধুনিক করে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। কৃষকরা নিরাপদে ফসল চাষ এবং ন্যায্যমূল্য পাবে। জেলে ও মৎস্যচাষিরা নিরাপদ পরিবেশে কাজ করতে পারবে।”
তিনি আরও বলেন, “এ অঞ্চলের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করব। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। বেকারত্ব দূর করাই হবে আমাদের অগ্রাধিকার।”
নুর বিশেষভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি বলেন, “আপনাদের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য ও সম্মান রক্ষার দায়িত্ব আমাদের। কেউ আপনাদের দিকে বাঁকা চোখ রাখলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। আজ একটি ঐতিহাসিক সুযোগ এসেছে—এই জনপদকে উন্নয়ন, সম্প্রীতি ও ন্যায়ের কেন্দ্র হিসেবে গড়ে তোলার।”
সভায় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা, সদস্যসচিব আলতাফ হোসেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির প্রমুখ।