চুরির গরু দিয়ে প্রবাসী বিএনপি নেতার ইফতার পার্টি: এলাকায় তোলপাড়

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলায় চুরির গরু জবাই করে ইফতার পার্টির আয়োজনের অভিযোগ উঠেছে যুক্তরাজ্য প্রবাসী আহমেদ মধু ওরফে মধু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ৬ রমজান পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে মধু মিয়ার বাড়িতে বড় পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার সহস্রাধিক মানুষ অংশ নেন। তবে ইফতারের জন্য জবাই করা গরুটি চুরি হওয়া বলে অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগের দিন ৫ রমজান বিকেল ৩টার দিকে একই গ্রামের নাজমুল ইসলামের একটি ষাঁড় গরু গলমুকাপন মাদরাসার পূর্ব পাশের মাঠ থেকে চুরি হয়। গরু হারানোর পর প্রতিবেশী মধু মিয়ার বাড়ির কেয়ারটেকার সাঈদি নামের এক যুবক নাজমুলকে বিভিন্ন স্থানে ভুল তথ্য দিয়ে খোঁজাখুঁজির পরামর্শ দেন। কিন্তু কোথাও গরুর সন্ধান মেলেনি।

অভিযোগ রয়েছে, ওইদিন রাত ৮টার দিকে মধু মিয়ার বাড়িতে কসাই ডেকে গরুটি জবাই করা হয়। সারারাত মাংস রান্নার পর পরদিন বিকেলে ইফতার পরিবেশন করা হয়। ইফতারে দাওয়াত পেয়ে গরুর মালিক নাজমুল ইসলাম উপস্থিত হন। সেখানে জবাইকৃত গরুর দড়ি দেখে তিনি বুঝতে পারেন, সেটিই তার চুরি হওয়া গরু।

পরে বিষয়টি গ্রামবাসীকে জানানো হলে বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নিশ্চিত হন, নাজমুলের গরু দিয়েই ইফতার আয়োজন করা হয়েছে।

পরবর্তীতে ৮ রমজান বৃহস্পতিবার রাত ১১টার দিকে গ্রামের মুরব্বিদের মধ্যস্থতায় সালিশ বসে। সেখানে গরুর মালিককে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। একই সঙ্গে কেয়ারটেকার সাঈদিকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর এ বিষয়ে জানতে চাইলে মধু মিয়ার পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী ও পশ্চিম পৈলনপুর ইউনিয়ন যুবদলের সদস্য হুসাইন আহমদ জানান, মধু মিয়া দেশে নেই এবং শিগগিরই লন্ডনে চলে যাবেন। তারা দাবি করেন, বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করা হয়েছে এবং সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, “গরু চুরির পর আমাকে ভুল তথ্য দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। পরে ইফতারে গিয়ে নিজের গরুর দড়ি দেখে চিনে ফেলি। সিসি ক্যামেরা দেখে বিষয়টি নিশ্চিত হলে সালিশের মাধ্যমে ৭০ হাজার টাকা পেয়েছি।”

তিনি আরও অভিযোগ করেন, গ্রামে এর আগেও একাধিকবার গরু চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970