মাদককাণ্ডে আটক, আবারও বহিষ্কার যুবদল নেতা রুবেল সরকার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক হওয়ার পর যুবদল নেতা রুবেল সরকারকে সংগঠনের সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রোববার (১ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুবেল সরকার গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে। এসব কারণেই তাকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পুবাইল থানা পুলিশ তালতলা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজীবের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে রুবেল সরকারসহ আরও আটজনকে আটক করা হয়।

অভিযান চলাকালে একটি গোপন কক্ষ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি কয়েকটি দেশীয় অস্ত্রও জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের সংগঠনে কোনো স্থান নেই। সংগঠনের সভাপতি আব্দুল মনোয়ার মুনা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলকে কলুষমুক্ত ও নৈতিকভাবে শক্তিশালী রাখতে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগেও চাঁদাবাজির অভিযোগে রুবেল সরকারকে বহিষ্কার করা হয়েছিল। তবে জাতীয় নির্বাচনের আগে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970