জ্বালানি কার্ড পেতে মাথায় জেনারেটর নিয়ে হাজির কৃষক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জ্বালানি সংকটের মধ্যে জ্বালানি কার্ড সংগ্রহের বিজ্ঞপ্তি প্রকাশের পর এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম হয়েছে। উপজেলার সিংড়া ইউনিয়নের খাইরুল গ্রামের ৫৫ বছর বয়সী কৃষক ফরিদুল ইসলাম বাধ্য হয়ে নিজের মাথায় সেচযন্ত্র নিয়ে উপজেলা পরিষদ চত্বরে হাজির হন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তাকে মাথায় যন্ত্র নিয়ে ঘুরতে দেখা যায়। কৃষক জানান, তার পাঁচ বিঘা জমিতে ধান চাষের জন্য নিয়মিত সেচ দিতে হয়। এ কাজে যন্ত্র চালাতে জ্বালানি তেলের প্রয়োজন হয়। কিন্তু আগের মতো সহজে পাম্প থেকে তেল সংগ্রহ করা সম্ভব না হওয়ায় তিনি এমন ভিন্নধর্মী উপায় বেছে নিতে বাধ্য হয়েছেন।
তিনি আরও বলেন, প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী এখন জ্বালানি তেল পেতে হলে জ্বালানি কার্ড করতে হবে। নিজের প্রয়োজনের প্রমাণ দিতেই তিনি মাথায় যন্ত্র বহন করে কৃষি কর্মকর্তার কাছে লিখিত আবেদন জমা দেন।
ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, কৃষকের আবেদনের সত্যতা যাচাই করা হয়েছে। তার জমিতে সেচ কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।